দুটি নামের অনন্ত শোক
– একটি অনাগত সংসারের বিষণ্ন উপাখ্যা
আরাফাতুল ইসলাম
কোনো এক নিঃশব্দ সন্ধ্যায় পরিচয়ের প্রথম প্রদীপ জ্বলে, একটি গ্রুপের অচেনা ভিড়ে দুটি হৃদয় কথা বলে। প্রথমেই সে জানিয়েছিল তার আকাশে অন্য আয়োজন,তবু আমার সমস্ত ঋতু জুড়ে ছিল তারই নিমন্ত্রণ।
তারপর একদিন ভালোবাসা নেমেছিল শিশিরের মতো, দুটি নামের মাঝখানে জন্মেছিল একটি পৃথিবী, নিতান্তই ছোট। সে বলেছিল, পৃথিবী বিপক্ষে গেলে ধরবে আমার হাত, আমি বিশ্বাস করেছিলাম একদিন আমাদেরও হবে প্রভাত।
আমাদের কল্পনার উঠোনে দুটি শিশুর পদধ্বনি ছিল,আয়ান আর স্নিগ্ধা দুটি নামেই কত বসন্ত ফুটেছিল। তাকে ডাকতাম ওদের মা, সে হাসত অনাগত দিনের কথা ভেবে, একটি সংসার বেড়ে উঠত আমাদের দুজনের নীরব স্বপ্নে।
অথচ হঠাৎ একদিন আকাশ থেকে নক্ষত্র খসে পড়ল, আটই নভেম্বরের বিষণ্নতা আমাদের সমস্ত স্বপ্ন গ্রাস করল। সে বলল, পরিবারের কাছে তার ভালোবাসার কোনো মূল্য নেই, আমি দেখলাম, দুটি মানুষের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে এক দুর্ভেদ্য দেয়াল।
বাবার অভিমান, দাদুর শর্ত, শৈশবের হারানো মায়ের স্মৃতি সব মিলিয়ে তার চারপাশে জমেছিল এক দুর্ভেদ্য প্রাচীরটি। আমি তাকে নিয়ে সাজাতে চেয়েছিলাম এক জীবনের নীড়, সে ফিরল আপনজনের কাছে, আমি রইলাম স্মৃতির তীরে।
বিদায়ের আগে বলেছিল আয়ান আর স্নিগ্ধাকে দেখে রেখো,আমাদের কল্পনার সন্তান দুটিকে হৃদয়ের ভেতর রেখে দিও। কী আশ্চর্য! জন্ম না নিয়েও তারা কত আপন হয়ে রইল, একটি অসমাপ্ত সংসার যেন দুটি নামের ভেতরেই ঘুমিয়ে রইল।
আমি আর তার পথের সামনে কোনো প্রশ্ন রাখিনি, ভালোবাসি বলেই তার ইচ্ছের বিরুদ্ধে কোনো দাবি রাখিনি। শুধু জানি, কোনো এক অচেনা সন্ধ্যায় স্মৃতি যখন ফিরে আসে, আয়ান-স্নিগ্ধার নাম দুটি আজও আমার শূন্য সংসারে ভাসে।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন