তাতুয়াকান্দি স্টিল ব্রিজের পাটাতন ঝুঁকিপূর্ণ, দ্রুত মেরামতের দাব।
নিজস্ব প্রতিনিধি বাঞ্ছারামপুর থেকে:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের তাতুয়াকান্দি স্টিল ব্রিজের পাটাতন দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ব্রিজের বিভিন্ন স্থানে লোহার পাটাতনে বড় বড় গর্ত ও ভাঙন দেখা দিয়েছে। এতে প্রতিদিন ব্রিজ দিয়ে চলাচলকারী পথচারী ও যানবাহন চালকদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ব্রিজের পাটাতনের বেশ কয়েকটি অংশে মরিচা ধরে ক্ষয় হয়ে গেছে। কোথাও কোথাও লোহার পাত ভেঙে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ব্রিজের একপাশের অংশের কয়েকটি গর্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করেন। দ্রুত ক্ষতিগ্রস্ত পাটাতনগুলো মেরামত না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তাতুয়াকান্দি স্টিল ব্রিজের ক্ষতিগ্রস্ত পাটাতন দ্রুত মেরামত এবং পুরো ব্রিজটি পরিদর্শনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।স্থানীয়দের প্রত্যাশা, জননিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন