ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে শিল্প সাহিত্য মহল বাংলাদেশ-ভারত আয়োজিত এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সাহিত্য, শিল্প ও সংস্কৃতির এই মিলনমেলায় দেশের বরেণ্য শিল্পী, সাহিত্যিক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প সাহিত্য মহল বাংলাদেশ-ভারতের প্রতিষ্ঠাতা যীশু পদ আচার্য্য। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রকৃতজ শামীম রুমি টিটন। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজনে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনা এবং গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শিল্প ও সাহিত্যের মাধ্যমে দুই বাংলার মানুষের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব ও সাংস্কৃতিক যোগাযোগ আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
বক্তারা বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতি দুই বাংলার মানুষের মধ্যে এক গভীর আত্মিক বন্ধন তৈরি করেছে। শিল্প-সাহিত্যচর্চার মাধ্যমে সেই বন্ধনকে আরও শক্তিশালী করার পাশাপাশি নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা জরুরি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী প্রাঙ্গণে এমন আয়োজন শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও বাংলাদেশ ও ভারতের শিল্প-সাহিত্য অঙ্গনের মানুষের অংশগ্রহণে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন