কালিয়ায় ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক!
কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মো. উজ্জল সরদার (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক উজ্জল সরদার নড়াইল সদর উপজেলার কলোরা গ্রামের খোকন সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার এএসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চাঁদপুর গ্রামের ফায়ার সার্ভিসের পাশের একটি গ্যারেজে অভিযান চালায়। এ সময় সেখান থেকে উজ্জল সরদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক উজ্জল সরদারের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, কালিয়া থানা পুলিশের পৃথক আরও দুটি অভিযানে একজন মাদকসেবী ও নারী নির্যাতন মামলার দুই যুবককে আটক করা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন