কিছু বিবেক
মুহাম্মাদ ওমর ফারুক
কিছু বিবেক কখনও সত্যকে স্বীকার করে না,
তবু সে-ও জানে—
সত্য নগ্ন, উলঙ্গ;
হীরার মতো সবসময়ই চকচক করে,
আলোর মতো বেরিয়ে আসে চোখের সামনে।
সত্যের ওপর কখনও আবরণ থাকে না।
কিছু বিবেক সত্যকে বিশ্বাস করে,
কিন্তু স্বীকার করে না।
সত্য কিছুটা সময় নেয়,
তবু একদিন আলোর মুখ দেখে—
যেমন বহুযুগ পরেও
পাতাল থেকে বিস্ফোরিত হয়
ঘুমন্ত আগ্নেয়গিরি।
কিছু বিবেক সত্যকে এড়িয়ে যায়,
কিছু বিবেক সত্যকে ধারণ করতে চায় না,
কিছু বিবেক সত্যকে ব্যবহার করে,
কিছু বিবেক সত্যকে মিথ্যা বলে চালিয়ে দেয়।
কিছু বিবেক সত্যকে ফুল না বলে ভুল বলে,
সত্যকে সুন্দর না বলে কুৎসিত বলে।
কিছু বিবেক সত্যকে পবিত্র বলে বিশ্বাস করে,
অথচ অপবিত্র বলে সমাজে ছড়িয়ে দেয়।
কিছু বিবেক মরিচার নিচে
মরে যায়, হারিয়ে যায়,
তবুও সত্যকে স্পর্শ করে না।
আর কিছু বিবেক—
সত্যকে প্রকাশ্যে
গলা টিপে হত্যা করে,
তারপর হো হো করে
শয়তানের হাসি হাসে!
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন