বকুল নিকুঞ্জের মেলা
ইমদাদুল হক মিলন
আয় সখিরা, আয় পাখিরা, বকুল তলায় যাই,
আমাদের ঐ নিকুঞ্জেতে শান্তি খুঁজে পাই।
খামারহাটী চা পাড়াতে সেথাই আছে ভাই,
শৈশবের ওই চেনা খেলার আনন্দ আর নাই!
বিলকাউসীর মেঠো পথে ধুলো উড়িয়ে পায়,
ছুটবো রে আজ গোল্লাছুটে বৈরাটীর ঐ গায়।
যেথায় আছে বকুল তলা সেথায় খুঁজি সুখ,
স্মৃতিরা সব ডাক দিয়ে যায়, উথাল-পাথাল বুক!
দুপুর রোদে দিঘির জলে সাঁতার কাটার ধুম,
ঝপাঝপ ওই ডুব সাঁতারে ভাঙবে জলের ঘুম।
মায়ান নামের ছেলেটি ওই মেঠো বাঁশি হাতে,
ছুটে বেড়ায় চরের মাঠে গোরুর পালের সাথে।
আজও সেথায় বকুল ঝরে, মাঠটি ডাকে আয়,
আগের মতো রাখাল ছেলে বাঁশির সুরে গায়।
চল না রে ভাই ছুটে যাই আজ খামারহাটীর কোণে,
বকুল নিকুঞ্জ ডাক দিয়ে যায় মায়ার আলপনে।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন