যশোর: অনলাইন জুয়া ও পর্নোগ্রাফির আসক্তির কারণে ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে যশোরে এক বৃদ্ধ বাবা আদালতের দ্বারস্থ হয়েছেন। অভিযোগে বলা হয়েছে, জুয়ার টাকার জন্য অভিযুক্ত ছেলে নিয়মিত পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাত এবং ঘরে ভাঙচুর করত।
রোববার (২ আগস্ট) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সদর উপজেলার দৌলতদিহি গ্রামের দিনমজুর তরিকুল ইসলাম।
আদালত অভিযোগের প্রাথমিক ভিত্তি বিবেচনায় নিয়ে অভিযুক্ত আজিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আজিম দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও অশ্লীল কনটেন্টে আসক্ত হয়ে পড়েন। তিনি কোনো কাজকর্ম না করে দিনের বেশিরভাগ সময় মোবাইল ফোন ব্যবহার করতেন। পরিবারের দাবি, এই আসক্তির কারণে তার আচরণ ক্রমেই আক্রমণাত্মক হয়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, জুয়ার জন্য প্রতিদিন বাবা-মায়ের কাছে এক হাজার টাকা দাবি করতেন আজিম। আর্থিকভাবে অসচ্ছল পরিবার সেই দাবি পূরণ করতে না পারলে তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন।
মামলায় আরও বলা হয়েছে, গত ১৫ জুলাই টাকা না পেয়ে আজিম ক্ষিপ্ত হয়ে ঘরে ভাঙচুর চালান। এ সময় বাধা দিতে গেলে তার মা বিউটি বেগমকে মারধর ও গালিগালাজ করা হয়। পরে ঘরে থাকা পাঁচ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
পরিবারের সদস্যরা জানান, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন বৃদ্ধ বাবা।
ঘটনার পর আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন