রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে নিচে পড়ে রিয়া বেগম (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, রিয়া মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে তিনি ওয়ার্ডের বারান্দার দিকে যান। কিছুক্ষণের মধ্যেই ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
নিহত রিয়ার বাড়ি পাবনা সদর উপজেলার ভাদুরডাঙ্গি গ্রামে। তার বাবা লতিফ মল্লিক একজন কৃষক। রিয়ার স্বামী আল আমিন বর্তমানে সিঙ্গাপুরে কর্মরত।
পরিবারের সদস্যদের দাবি, গত কয়েক দিন ধরে রিয়ার আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা যাচ্ছিল। তিনি কখনো অকারণে হাসতেন, আবার কখনো অসংলগ্ন কথা বলতেন। এসব কারণে পরিবার তার মানসিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিল।
রিয়ার বাবা জানান, শারীরিক অসুস্থতার কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঘটনার রাতে পাশের রোগীর স্বজনেরা তাকে সতর্ক করলে তিনি দ্রুত মেয়ের কাছে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই রিয়া ভবনের নিচে পড়ে যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন