বান্দরবান প্রতিনিধি, শওকত কামাল
বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সড়কের বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন একটি পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতের দিকে উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মো. জামির উদ্দিন (৩২) এবং রোকাইয়া আক্তার (৩০)। জামির উদ্দিন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা এবং রোকাইয়া আক্তার ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ১০ জনের একটি পর্যটক দল ছয়টি মোটরসাইকেলে করে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করে। বৃহস্পতিবার দুপুরে তারা বগালেক এলাকায় পৌঁছে একটি কটেজে অবস্থান নেন। পরে বিকেলে সবাই মিলে বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান।
একপর্যায়ে দলের অধিকাংশ সদস্য ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের পরামর্শ উপেক্ষা করে মোটরসাইকেলে ভিউ পয়েন্টের সামনে আরও এগিয়ে যান। এরপর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিষয়টি জানানো হলে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে সন্ধ্যার পর তল্লাশি অভিযান শুরু করেন। কয়েক ঘণ্টার অনুসন্ধানের পর রাত প্রায় ১১টার দিকে ভিউ পয়েন্টের নিচের একটি পাহাড়ি খাদ থেকে ওই দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্গম পাহাড়ি পথে চলাচলের সময় তারা দুর্ঘটনার শিকার হতে পারেন। তবে তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন