এই জগতের সঞ্চয়
মুহাম্মদ ইমদাদ হোসেন
দুনিয়ার এই দীর্ঘ সফরে,
প্রতিনিয়ত কত কষ্ঠ, কত চেষ্টা
কতই না পরিশ্রম আর পেরেশানী!
তবু ইহকাল কিংবা পরকালের
সুখের তরে তেমন কোনো
সঞ্চয় জমা নেই আমার ঝুলিতে।
সঞ্চিত হয়েছে যা তা হলো-
মহান রবের সেরা অনুদান,
সর্বোত্তম উপহার, চারটি সন্তান।
তারাই হলো আমার জীবনের
সঞ্চিত অমূল্য সম্পদ,
যাদের পেয়ে জীবনে এসেছে সার্থকতা, আর হৃদয় ভরেছে-
পরিতৃপ্তির পূর্ণতায়।
নিয়ত করেছি-
দ্বীনের ঝলমলে আলোতে
তাদের জীবন সাজিয়ে তুলব,
ঈমানের নূরে রাঙাব হৃদয়;
আর এই চেষ্টা অব্যাহত রাখব
যেন তারা আদর্শ মানুষ হয়।
স্বপ্ন বুনেছি-
তারাই হবে আমার ইহকালের প্রশান্তি, আর পরকালের কঠিন দুঃসময়ে নাজাতের উসিলা,
আর সেই আশাতেই তাদের
নববী বাগানে ভর্তি করেছি,
সঁপে দিয়েছি রবের কুদরতি পায়ে।
হে মাবুদ-
দয়া করে তুমি আমার নিয়ত-
আমার স্বপ্নকে বিফল করো না,
আমার স্বপনের সারথিদের
দ্বীনি শিক্ষায় আর দ্বীনের খেদমতে
কবুল করে নাও, যেন তারাই হয়
আমাদের ইহকালের প্রশান্তি আর
পরকালের নাজাতের মাধ্যম,
আমিন, ইয়া রাব্বাল আ’লামিন।
১৮/০৭/২৬
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন