উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
উজিরপুর প্রতিনিধি | দৈনিক বাংলার কথা
বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী বন্দরে ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে জয়শ্রী এলাকার সাজু পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, BMF পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৭২৯৫) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি অটোরিকশা ও একটি ট্রাকের (যশোর ট-১১-২৯৩৬) পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির আংশিক ক্ষতি হলেও বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় বাস ও অটোরিকশার যাত্রীসহ কয়েকজন গুরুতর আহত হন।
খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ, ট্রাফিক পুলিশ এবং স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর গুরুতর আহত রিকশাচালক মোশাররফ হোসেন (৬১) কে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর তিনজন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন