রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক নারী ও তাঁর মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. শিপন নামের এক ব্যক্তি ঘটনার পর নিজেই কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
রোববার (২ আগস্ট) সকাল প্রায় ৯টার দিকে কাঁঠালবাগান এলাকার আল আমিন মসজিদের পাশের একটি পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাত্রি (২০) এবং তাঁর মা ফিরোজা বেগম (৩৫)।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত্রি ও শিপনের আইনগত বিচ্ছেদ (ডিভোর্স) হলেও তারা একই বাসায় বসবাস করছিলেন। ঘটনার দিন সকালে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফিরোজা বেগম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে আপত্তি জানান।
এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন বলে অভিযোগ রয়েছে। এতে রাত্রি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন