ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা হারুন চৌকিদারের বিরুদ্ধে নিজের ছেলের স্ত্রীকে বিয়ে করার উদ্দেশ্যে নানা ধরনের চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন তারই ছেলে, যিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনেন।
ভিডিও বার্তায় ওই যুবক দাবি করেন, তিনি বিয়ে করার পর থেকেই তার বাবা তার স্ত্রীকে পছন্দ করেন। একপর্যায়ে তাকে নিজের স্ত্রীকে ‘মা’ বলে সম্বোধন করতে বলতেন বলেও অভিযোগ করেন তিনি।
তার আরও দাবি, পরবর্তীতে পুত্রবধূকে বিয়ে করার উদ্দেশ্যে তাকে স্ত্রীকে তালাক দিতে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তাকে ভয়ভীতি প্রদর্শন ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ভিডিও বার্তায় ওই যুবক আরও উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও নির্যাতনের শিকার হওয়ার পর বাধ্য হয়ে তিনি ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টি জনসমক্ষে তুলে ধরেছেন বলে জানান।
এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন