আকাশ পানে চেয়ে থাকি।
আমি বুঝতে পারি না,
সারাদিন যা করেছি –
তার হিসাব মিলানো খাতা,
নাকি মানুষের মুখের কথা,
আসলে কাকে বলে কবিতা?
আমি চিনতে পারি না,
কে মানুষ, কেবা কবি।
ন্যায়, সততা আর মানবতা-
নিয়েই তো হওয়ার কথা ছিল
মানুষেরই ছবি।
আমি জানতে পারি না,
কি কারণে, কারা রাস্তাঘাটে
করে এতো খুনাখুনি!
জঙ্গল ছেড়ে শহর-বন্দরে
কি তবে প্রকাশ্য বসবাস করে
হিংস্র কোনো প্রাণী?
আমি চলতে ফিরতে পারি না
কোথাও নির্বিঘ্নে-
” টাকা দাও,পয়সা দাও,
নইলে তুমি মরে যাও,
এইখানে তোমার জায়গা নাই,
তুমি কেন বাঁচতে চাও।”
আমি বলতে পারি না
কাউকে কিছু-
শুধু আকাশ পানে চেয়ে থাকি,
আর আকাশের মালিককে ডাকি।
আমি শুধু লিখি,
ভাব বুঝি না ,
বুঝি না তার অর্থ-
আমি আজ এই সময়ে
সত্যিই বড় ব্যর্থ।
তবুও শতবার ব্যর্থ হয়ে ও
আশায় বুক বেঁধে
লিখে যাই কবিতা,
যেন সাম্য,সুন্দর আর
ভালোবাসায় ওঠে সবিতা।
কাব্যগ্রন্থঃ আমি এখনও জাগ্রত
কবিঃ “সদা জাগ্রত কবি” দেওয়ান মতিউর রহমান খাঁন
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন