তুমি আমায় মনে হলে আকাশের দিকে তাকিও,
নীল আকাশের বুকের মাঝে
এক টুকরো মেঘ হয়ে ভেসে যাব—
নীরবে তোমার চোখের কোণে
আমার স্মৃতিরা এসে বসবে।
তুমি আমার কথা মনে হলে
বাতায়ন খুলে দেখো,
হয়তো কোনো অচেনা বাতাস
আমারই স্পর্শ নিয়ে
তোমার চুল ছুঁয়ে যাবে।
জানালার ওপারে সন্ধ্যার আলোয়
আমার না-বলা কথাগুলো
নীরবে তোমার কাছে ফিরে আসবে।
চাঁদনী রাতে আমার কথা মনে হলে
ওই চাঁদটাকে দেখো—
যে চাঁদ তোমার উঠোনে আলো দেয়,
সেই চাঁদই তো আমার রাতেও জ্বলে।
দূরত্ব যতই থাকুক আমাদের মাঝে,
চাঁদের আলোয় মিশে থাকে
দুটি নির্জন হৃদয়ের গল্প।
তুমি যদি কখনো একা হয়ে যাও,
নিস্তব্ধ রাতে মনটা ভার হয়ে আসে,
তবে চোখ বন্ধ করে একবার
আমার নামটি নিঃশব্দে ডেকো—
আমি হয়তো কাছে থাকব না,
তবু তোমার অনুভবে
ঠিকই ফিরে আসব।
তাই, তুমি আমায় মনে হলে
আকাশের দিকে তাকিও,
বাতায়ন খুলে বাতাসটুকু নিও,
চাঁদনী রাতে চাঁদটাকে দেখো—
হয়তো সেখানেই খুঁজে পাবে
আমার ভালোবাসার ছায়া,
আমার অপেক্ষা,
আর তোমার জন্য রেখে যাওয়া
একটি অসমাপ্ত কবিতা।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন